31 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রিয়াদে হুথিদের হামলায় দুই বাংলাদেশী নিহত, নিন্দা বাংলাদেশের

রিয়াদে হুথিদের হামলায় দুই বাংলাদেশী নিহত, নিন্দা বাংলাদেশের


বিএনএ, বিশ্বডেস্ক: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার  তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক সহ অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে সৌদি আরব।

আজ (১১ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১০ অক্টোবর বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের চালানো প্রাণঘাতী হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি। আহত অনেকের অবস্থা গুরুতর। নিহত ও আহত বাংলাদেশীদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

বিবৃতিতে নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

এছাড়াও সৌদি সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতিও প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে ।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের (১০ অক্টোবর) হামলায় নিহতদের মধ্যে ৪জন সৌদি নাগরিক, ২জন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের ১জন করে মোট ১২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জনের বেশি।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ