বিএনএ ডেস্ক: দেশে ফিরলে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।
ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করবেন। পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটিই তাকে মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বড় অপরাধীরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। সবার ক্ষেত্রেই আইন ও সংবিধানের অধিকার নিশ্চিত করা হবে। সরকার আর কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া শাসনব্যবস্থা দেখতে চায় না এবং ভবিষ্যতে এমন কোনো ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বলেন, কেউ দেশে এলে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও আইনগত বিষয়গুলো মোকাবিলা করতে হবে। আইন মেনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে সেটি অবশ্যই আইনগতভাবে বিবেচনা করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে আইন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
বিএনএ/শাম্মী
![]()

