বিএনএ, পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
মোটরসাইকেল আরোহী তিনজনেরই বাড়ী চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে । হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পটিয়ার মনসা এলাকায় একটি দাওয়াতে এসেছিলেন। দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহত ইমতিয়াজ মাহমুদ ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের ছেলে। আহত মোহাম্মদ নয়ন (২৩) চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে এবং আহত মো. ফোরকান (২৫) উত্তর কাঞ্চনা পূর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনিবাসকে মোটরসাইকেলটি ওভারটেক করে সামনে যাওয়ার সময় বাসটির সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক ইমন বাসের চাকার নিচে চাপা পড়ে ।
স্থানীয়রা মোটরসাইকেলে থাকা তিনজনকেই উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ফোরকান চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মিনিবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মিনিবাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিএনএ/শাম্মী
![]()

