28 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতেই দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতেই দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা


বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’

তিনি আরও বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’

শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে সরকারের প্রতিক্রিয়া কী— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’

এছাড়াও, দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুনসহ ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মাফিয়া দল, বিপুল অর্থ ব্যয়ে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ