28 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস


বিএনএ ডেস্ক: আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

নূর হোসেনের জন্ম ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের ঘরে । তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন এই তরুণ।

সেদিন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন নুর হোসেন। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে।

নূর হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে ‘শহীদ নূর হোসেন চত্বর’ বা ‘শহীদ নূর হোসেন স্কয়ার’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

উল্লেখ্য,১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ