27.2 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - জুলাই ১০, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে স্ক্র্যাপ চোর চক্রের চালান জব্দ, নৌকাসহ আটক ১

কর্ণফুলীতে স্ক্র্যাপ চোর চক্রের চালান জব্দ, নৌকাসহ আটক ১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌ পুলিশের অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ প্রায় ৮০০ কেজি বিভিন্ন আকারের লোহার স্ক্র্যাপ জব্দ করা হয়েছে। এ সময় ইমরানুল হক (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে সদরঘাট নৌ পুলিশের সদস্যরা কর্ণফুলী নদীর ডাঙারচর দোনারখাল এলাকায় অভিযান চালিয়ে এসব স্ক্র্যাপ জব্দ করেন।

আটক ইমরানুল হক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মোস্তাক আহমদের ছেলে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার করা স্ক্র্যাপের কোনো বৈধ কাগজপত্র বা চালান দেখাতে পারেননি আটক ব্যক্তি।

পরে জব্দ তালিকা প্রস্তুত করে স্ক্র্যাপগুলো জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় শুক্রবার বিকেলে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীতে নোঙর করা বড় জাহাজ থেকে স্ক্র্যাপ চুরি করে একটি চক্র নৌকাযোগে তীরে এনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে। নৌ পুলিশের অভিযানে এমন একটি চালান আটক করা হয়েছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সিন্ডিকেট প্রতিদিন বিপুল পরিমাণ স্ক্র্যাপ চুরি ও পাচারের সঙ্গে জড়িত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ