বিএনএ, ঢাকা: সোমবার (৯ মার্চ) রাজধানীর মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মিরপুর থানার এসআই আহসান সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।পরে ছয় ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

