বিএনএ, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় পি এন কম্পোজিট নামের একটি পোশাক তৈরি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে কারখানা খুলে দেওয়া এবং কিছু দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার পি এন কম্পোজিট লিমিটেড কারখানার এক শ্রমিক গত রোববার (৭ ডিসেম্বর) জরুরি কাজে কারখানা থেকে বাইরে যান। যখন তিনি কাজ শেষ করে ফিরে আসেন তখন কারখানার কিছু কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। সারাদিন শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। বিকেলে শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ রাতেই সিদ্ধান্ত নিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের নোটিশ কারখানার প্রধান ফটকে ঝোলানো হয়।
আজ (মঙ্গলবার) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে তাঁরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে কথা বলতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ এবং থানার পুলিশ রয়েছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

