বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়ন সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল এবং হামাস । ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৮ অক্টোবর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “ আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লেখেন, ‘খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে।’
ইসরায়েল-হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘আমরা (এ যুদ্ধের) মধ্যস্থতাকারীরা এই মর্মে ঘোষণা করছি যে আজ রাতে গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সমস্ত শর্ত ও বিধান বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দীর মুক্তি অন্তর্ভূক্ত রয়েছে। এদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন বলে মনে করা হচ্ছে এবং এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।
বিএনএ/শাম্মী
![]()

