বিএনএ, বিশ্বডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি সাপের খামার বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে। এই ঘটনায় লোকালয়ে সাপে কাটার খবরও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বুধবার (৮ জুলাই) সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন মায়সাকের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে গুয়াংজি অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে হেংঝৌ শহরের ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের একটি সাপের খামার ডুবে যায়। গত মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শত শত সাপকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে দেখা যায়।
দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি জানান, গত ৬ জুলাই সকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত সাপের কামড়ে একজন গ্রামবাসী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পালিয়ে যাওয়া সব সাপ বিষধর নয় বলেও জানান তিনি।
এদিকে নতুন করে দুর্ঘটনা এড়াতে দেংওয়েই গ্রামের ক্ষতিগ্রস্ত না হওয়া আশপাশের গ্রামের এক ডজনের বেশি বাসিন্দা স্বেচ্ছায় সাপ ধরার দল গঠন করেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে পড়া সাপ উদ্ধার করছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

