33 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - মে ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


বিএনএ, লোহাগাড়া: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ফোর সিজন এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ ভেঙেচুরে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিন জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।’’

নিহতরা হলেন— মুহাম্মদ নাইম (২৩), নাইমুর ইসলাম জিহাদ (২৪), রেহানা বেগম (৬০) ও মনির আহমদ (২৫)। নিহত জিহাদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য এবং রেহানা পটিয়া উপজেলার পাচুরিয়া গ্রামের বদিউল আলমের স্ত্রী বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ