বিএনএ ডেস্ক: চট্টগ্রামের প্রবীণ আলেম, ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির সরওয়ার কামাল আজিজী (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সরওয়ার কামাল আজিজী বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বিকেলের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা সরওয়ার কামাল আজীজি ১৯৪৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় কওমি মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তিনি দলটির কেন্দ্রীয় আমির নির্বাচিত হন।
এছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, শাহ ওয়ালীউল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা, পদুয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
বিএনএ/শাম্মী
![]()

