বিএনএ ডেস্ক: উচ্চশিক্ষায় মেধার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, বাকৃবি থেকে ২০১৯ সালে ৬জন, ২০২০ সালে ৬জন এবং ২০২১ সালে ১জন সহ মোট ১৩জন শিক্ষার্থী এ পদকের জন্য মনোনীত হয়েছেন। তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের মোছা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রানী পাল এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু।
এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
বিএনএ/শাম্মী
![]()

