29 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - জুন ২০, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের ছোড়া গুলিতে আহত হুজাইফার মৃত্যু

মিয়ানমারের ছোড়া গুলিতে আহত হুজাইফার মৃত্যু


বিএনএ, টেকনাফ: মিয়ানমার থেকে ছোড়া গুলি বিদ্ধ হয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছে। হুজাইফার চাচা শওকত আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। সে তার দাদার সাথে দোকান থেকে নাস্তা কেনার জন্য বের হয়েছিল। বাড়ি ফেরার সময় ছুটে আসা গুলি তার শরীরে লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হুজাইফাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় ১৩ জানুয়ারি বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। হুজাইফা এতোদিন লাইফ সাপোর্টে ছিলেন।

হুজাইফার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ