বিএনএ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফলে ২ হাজার ৫০৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল–ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৩৮২ ভোট। তবে, এখনো ১৮টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিসংখ্যান বিভাগের মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে রাত সাড়ে ১২টার পর ভোটগণনা শুরু হয়। কমিশনের তথ্যমতে, ভোটগণনা করা হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে।
জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করা হবে। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হবে। যে মেশিনের ফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনে পরবর্তী ভোটগণনা চলবে। এছাড়া নিয়মিতভাবে হাতে গণনার মাধ্যমে ওএমআর মেশিন যাচাই করা হবে।
বিএনএ/ ওজি
![]()

