বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জের পূর্ব বাজারে আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির দরজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমানফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
মোজাম্মেল হক আরো বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ চারজন বের হয়ে যান। অন্য সাতজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন।
মাইক্রোবাসের চালক ঘুমে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাম্মেল হক। নিহত ব্যক্তিদের মরদেহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। ওমানপ্রবাসী ব্যক্তি বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী
![]()

