বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি।গতকাল মঙ্গলবার বিকেলে এ হামলা চালানো হয়। এ হামলার মাধ্যমে রাশিয়া ‘চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ’ দেখিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধুমাত্র এই অঞ্চলেই অন্তত ১২ জন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন চারজন।এ ছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) সেরহি কোরেতস্কি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তিন কর্মচারী ও দুজন উদ্ধারকর্মী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।
বিএনএ/ওজি
![]()

