বিএনএ, ঢাকা : গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনার উদ্দেশ্য। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।
গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।’
ফখরুল বলেন, ‘এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

