27 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আমির হামজার ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

আমির হামজার ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা


বিএনএ, ঢাকা : কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি অপসারণ করেছে মেটা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে পেজটি অপসারণ করা হয়। অপসারিত পেজটির ফলোয়ার সংখ্যা ছিল ৬ লাখ ৩৯ হাজার। বিকালে মুফতি আমীর হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমাদের সব অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুফতি আমীর হামজার অফিশিয়াল ফেসবুক পেজটি কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফলে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যক্কারজনক কাজটি করেছে।

তবে আমরা স্পষ্ট করে বলতে চাই—ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমীর হামজাকে সরানো যাবে না। ইতিমধ্যে পেজটি পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

‘আমাদের সব সমর্থকের প্রতি অনুরোধ— ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ