31 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৪, ২০২৬
Bnanews24.com
Home » বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬

বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬


বিএনএ, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় ঘটেছে বিস্ফোরণ। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ইতালি প্রবাসী ও স্থানীয় রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের চালের অংশ উড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় সেখানে অবস্থানরত অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে তাদের অনেকের অবস্থান ও চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ