33 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » `জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন’

`জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন’


বিএনএ, ঢাকা-প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি এবং জেলে থাকা আসামিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে এবার প্রায় ১০ লাখ লোক মোতায়েন হবে।  যারা নির্বাচনের দায়িত্বে থাকে মূলত তারা নিজেরাই ভোট দিতে পারেন না। আমরা এবার উদ্যোগ নিয়েছি, যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা যেন সবাই ভোট দিতে পারেন। একটি অ্যাপ চালু করা হবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।

আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন তারাও এদেশের নাগরিক উল্লেখ করে সিইসি বলেন, তারাও যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা আমরা নিয়েছি। এছাড়া প্রবাসীও এবার ভোট দিতে পারবেন। ভবিষ্যতের জন্য কী বাংলাদেশ রেখে যাবো, কোন ধরনের বাংলাদেশ রেখে যাবো, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাবো কি না, কীভাবে রেখে যাবো- তা আমাকে সারাক্ষণ ভাবায়। এটাকে (সিইসির পদ) আমি ব্যক্তিগতভাবে রুটিন দায়িত্ব হিসেবে নিইনি, চাকরি হিসেবে নিইনি। এটাকে আমি মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ