30.8 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে এনসিপি নেতাসহ ৫ জন আটক

কর্ণফুলীতে এনসিপি নেতাসহ ৫ জন আটক


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক আল আমিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তবে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, এনসিপি নেতা আল আমিন ইয়াবাসহ আটক হয়েছেন। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ‘কর্ণফুলী নিউজ২৪’ নামের একটি ফেসবুক পেইজ। যদিও এসব দাবি সরাসরি নাকচ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকার মুখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

আটক ব্যক্তিরা হলেন— মো. আল আমিন (২৩), মো. দুলু রহমান (২৪), মো. হাসান (২৭), মো. ফয়সাল আহাম্মদ (২০) এবং জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার এএসআই মিজানুর রহমান বলেন, “সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আল আমিনসহ কয়েকজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৮৮ ধারায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের কারও কাছ থেকে মাদক পাওয়া যায়নি। মাদক পাওয়া গেলে অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হতো।”

ওসি মো. শাহীনূর আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকসহ আটকের বিষয়ে বিভিন্নজনের কাছ থেকে অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তবে মাদক উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ