বিএনএ, বিশ্বডেস্ক: ইসরায়েলে আসা-যাওয়ার সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে উড়োজাহাজের অন্য ক্রুরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন এবং দ্রুত গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উড়োজাহাজে থাকা সব যাত্রী ও বাকি কেবিন ক্রুরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন। তবে মারামারিতে উড়োজাহাজের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন। অবতরণের পরপরই তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তদন্ত চলাকালে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, যাত্রী, কর্মী এবং কার্যক্রমের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত চালিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পারে।
বিএনএ/শাম্মী
![]()

