ঢাকা, বিএনএ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনের এই সরকারি সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী কর্মসূচির বিবরণ: নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোর ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন সরকারপ্রধান। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
এর আগে দুপুরে ফুলগাজী ডাকবাংলোতে জোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজ সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নির্ধারিত সকল কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
(বিএনএ নিউজ/এইচ.এম)
![]()

