33 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - আগস্ট ১, ২০২৬
Bnanews24.com
Home » বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ


বিএনএ, ঢাকা: দেশের প্রথিতযশা শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের পহেলা আগস্ট ৮৫ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মিউচুয়াল গ্রুপের পক্ষ থেকে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৪০ সালের ৩০ জুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাতানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আজিম উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ব্যবসা-বাণিজ্যে যুক্ত হন এবং নিজের মেধা ও দূরদর্শিতার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘মিউচুয়াল গ্রুপ’ এবং ‘এডি হোল্ডিংস লিমিটেড’ প্রতিষ্ঠা করেন।

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর অন্যতম উদ্যোক্তা পরিচালক হিসেবে অবদান রাখেন এবং পরবর্তীতে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও পরিচালক এবং বাংলাদেশ কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড মার্কেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দেশের ব্যবসা খাতের প্রসারে নেতৃত্ব দিয়েছেন।

সমাজসেবক, দানবীর বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ। তিনি নিজ জন্মভূমি ফেনী ও দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেছেন। যার মধ্যে অন্যতম হলো দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, ফেনীর ছাগলনাইয়ার বাতানিয়া হাই স্কুল, মটুয়া হাই স্কুল, এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেছেন বাতানিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা।

এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে আজিম উদ্দিন আহমেদ ঢাকা ক্লাব, গুলশান সোসাইটি, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব ও ঢাকা বোট ক্লাবের মতো শীর্ষস্থানীয় সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ