বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘দেশ ফিশিং’ জাহাজে ইঞ্জিন রুমের আকস্মিক বিস্ফোরণ ও তেলের ট্যাংকিতে লাগা আগুনে অন্য আরেকটি ফিশিং জাহাজ ‘ডিজনি’সহ দু’টি জাহাজের ছয়জন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে বিকট শব্দে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের জাহাজেও ছড়িয়ে পড়ে, এতে দুই জাহাজে থাকা প্রায় ৮০ জন শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচজন শ্রমিক ও একজন জুনিয়র ইঞ্জিনিয়ার অগ্নিদগ্ধ হন।
দগ্ধরা হলেন সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, গ্রিজার শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ।
ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেও তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
ঢাকায় পাঠানো তিনজনের অবস্থা গুরুতর বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত। তিনি বলেন, ঢাকায় পাঠানো তিনজনের শরীর ও শ্বাসনালির শতভাগ পুড়েছে। নাবিক নিজাম, রাসেল ও ছিদ্দিকের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

