বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৭ নভেম্বর)সন্ধ্যায় কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বড়উঠান শাহমীরপুর বাদামতল থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীদের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সরওয়ার জামাল নিজামকে ‘আওয়ামী–সুবিধাবাদী’, ‘মীর জাফর’, ‘মোনাফেক’সহ বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। মশাল হাতে নিয়ে তারা স্লোগান দেন— ‘অবৈধ প্রার্থী মানি না, মানব না’। আগুন জ্বালিয়ে তারা প্রায় ঘণ্টাখানেক সড়কে অবস্থান নেন।
সমাবেশে বক্তব্য দেন কর্ণফুলী বিএনপির নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউসুফ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপুপ্রমুখ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের দুঃসময়ে সরওয়ার জামাল নিজাম বিদেশে ছিলেন, অথচ এখন ‘সুসময়ে’ এসে মনোনয়ন নিয়েছেন। তাই তার প্রার্থিতা বাতিলের দাবি জানান তারা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, কর্মসূচি স্বল্প সময়ের মধ্যে শেষ হওয়ায় সড়কে তেমন যানজট সৃষ্টি হয়নি। তবে তারা কর্মসূচির জন্য কোনো অনুমতি নেননি।
বিএনএ
![]()
