28 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা


বিএনএ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের পোস্টার ব্যবহার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধান অনুযায়ী পরিবেশ রক্ষা এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে এই নির্দেশনা মানার জন্য দেশের সকল রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি-৭(ক) অনুযায়ী নির্বাচনে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে প্রার্থীরা কেবল নির্ধারিত লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন। কমিশনের এই পদক্ষেপের ফলে নির্বাচনী প্রচারণায় যে কাগজের অপচয় এবং পরিবেশ দূষণ হতো, তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আচরণ বিধিমালার ২০২৫ সংস্করণে নির্বাচনী ব্যয় এবং প্রচারণার ধরনে আমূল পরিবর্তন আনা হয়েছে। লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়মাবলি রয়েছে। যা ভঙ্গ করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বা জরিমানার বিধান রাখা হয়েছে। কমিশনের লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং পরিবেশবান্ধব নির্বাচন উপহার দেওয়া।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ