বিএনএ, ঢাকা : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ফেরত আসা এসব ব্যক্তির মধ্যে ২৬ জনেরই বাড়ি নোয়াখালী জেলায়। বাকিরা কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
পরে বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে ব্র্যাকের পক্ষ থেকে পরিবহনসহ জরুরি সহায়তা দেওয়া হয়।
ফেরত আসা ৩৯ জনের মধ্যে ৩৪ জন ব্রাজিলে যাওয়ার জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–এর ছাড়পত্র নিয়ে দেশ ছাড়েন। সেখান থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তারা। বাকি পাঁচজনের মধ্যে দুজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলেও আইনি প্রক্রিয়া শেষে তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

