32 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান

ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান


বিএনএ, চট্টগ্রাম: মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে অসুস্থ ও অসচ্ছল রোগীদের যাতায়াতের সুবিধার্থে ৩টি আধুনিক হুইলচেয়ার প্রদান করেছে ‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটি’।

গত ২৭শে অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টায় হাসপাতালের আগ্রাবাদ শাখায় এক মহতী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবাকর্মকে অনুপ্রাণিত করেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ এর সম্মানীয় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান এমজেএফ। তিনি আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সুপার ডা. ইদ্রিস উল্লাহর কাছে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান এমজেএফ বলেন, লায়নিজমের মূল মন্ত্রই হলো “আমরা সেবা করি”। হাসপাতালে চিকিৎসা নিতে আসা পঙ্গু, বয়োবৃদ্ধ এবং গুরুতর অসুস্থ রোগীরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে জরুরি বিভাগে যাতায়াত করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও স্বাস্থ্য ও শিক্ষা খাতে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হুইলচেয়ার গ্রহণকালে ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডা. ইদ্রিস উল্লাহ লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে অসংখ্য সংকটপন্ন রোগী আসেন, যাদের জরুরি ভিত্তিতে হুইলচেয়ারের প্রয়োজন হয়। ক্লাবের এই উপহার হাসপাতালের সেবার মানকে আরও বেগবান করবে এবং রোগীরা সরাসরি এর সুফল পাবেন।

অনুষ্ঠানটিকে আরও গৌরবময় করে তুলেছেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ, আরসি-ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন জাকির হোসেন এমজেএফ, আরসি-ক্লাব এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন চৌধুরী মোহাম্মদ রকিবুল কামাল এফসিএ, জিএ ক্লাব-মার্কেটিং চেয়ারপারসন লায়ন এ এইচ ইলিয়াস করিম এমজেএফ এবং আরসি ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ। লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির ক্লাব প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ক্লাব সেক্রেটারি সাংবাদিক ইয়াসীন হীরা, লায়ন ডা. সেলিনা আকতার চৌধুরী, লায়ন আব্দুল আজিজ এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ