32 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর


বিএনএ ডেস্ক: মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগে করা কোনও মেডিক্যাল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

আজ বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা খুব শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং  নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে কিছু মেডিক্যাল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে ।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘কোনও মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিক্যাল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের নিকট থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ’

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখবে বলে জানানো হয়। পাশাপাশি সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ