বিএনএ ডেস্ক: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত। মিফতাহ উদ্দিন ২০১৮ সালে একরামুল নিহত হওয়ার সময় লেফটেন্যান্ট কর্নেল পদে র্যাব-৭-(চট্টগ্রাম) এর অধিনায়কের দায়িত্বে ছিলেন। তখন কক্সবাজার র্যাব–৭ এর আওতায় ছিল।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর বলেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় মিফতাহ উদ্দিন আহমেদও রয়েছেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক দিন পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে হেফাজতে নিল সেনাবাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিফতাহ উদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের স্বপ্নচূড়া-১ ভবনের ৫১৬ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সোমবার রাত ১০টা ৩৯ মিনিটের দিকে তাকে সেখান থেকে সেনাসদরের পুরোনো মেসে নেওয়া হয়। স্থানটি ‘লগ এরিয়া’ নামেও পরিচিত। সহকারী অ্যাডজুট্যান্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেলের তত্ত্বাবধানে তাকে সেখানে স্থানান্তর করা হয়েছে ।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হত্যা মামলার অভিযোগপত্র দাখিল এবং সাবেক র্যাব অধিনায়ককে হেফাজতে নেওয়ার মধ্য দিয়ে আলোচিত ঘটনাটির বিচারিক প্রক্রিয়া নতুন করে শুরু হলো।
বিএনএ/শাম্মী
![]()

