16 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান


বিএনএ, ঢাকা:  ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব কথা বলেন এনআইডি ডিজি।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, উনি (তারেক রহমান) আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হবে।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ