25 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, বান্দরবান : পাহাড়ের শীতল ঝরনাধারায় বন্ধুদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটাতে গিয়ে নিথর দেহ হয়ে ফিরল কিশোর তাহমিদুল কবির মিশকাত (১৫)। নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিশকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায়। বাবা মামুনুল কবির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) হিসেবে কর্মরত।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী একসাথে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে তাঁরা মূল পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য বন্ধুরা পাড়ে উঠে এলেও মিশকাতকে আর দেখা যায়নি।

তাৎক্ষণিকভাবে বন্ধুরা ও আশপাশের লোকজন ঝরনার আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পায়নি। পরে বিকেলের দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঝরনার গভীরতা ও পাহাড়ি পরিবেশের কারণে সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরদিন বৃহস্পতিবার সকালে ঝরনার পানিতে মিশকাতের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে তাঁর সহপাঠী, শিক্ষক এবং পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু তখন সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে ঝরনায় মরদেহ ভেসে ওঠে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

বিএনএনিউজ/হাসান মুন্না।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর