28 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা


বিএনএ ডেস্ক : ডা. স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে শনিবার(২৫ এপ্রিল) ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী ফাইভ স্টার চাইনিজ হোটেলে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা. শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আশুতোষ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. সেখ সাবির উদ্দিন আহমাদ।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. আ ন ম বদরউদ্দিন ও প্রধান আলোচক ছিলেন নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ডা. বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন নোয়াখালী এমএ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবুল কাশেম, নাঙ্গলকোট বাদশা আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম, নোয়াখালী এমএ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মো. হুমায়ুন কবির ও ডা. তৌহিদ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসাবিজ্ঞান কুসংস্কারমুক্ত, প্রাকৃতিক নিয়মনীতিনির্ভর, আরোগ্যকারী ও বিজ্ঞানমুখী চিকিৎসায় উন্নীত হওয়ার পেছনে হ্যানিম্যানের বিষ্ময়কর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর সমকালে তাঁরই হাত ধরে চিকিৎসা বিজ্ঞানে শুচিত হয় নতুন যুগের। আর সে যুগের যুগস্রষ্টা হ্যানিম্যান। বর্তমান যুগে চিকিৎসাবিজ্ঞানের দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে হ্যানিম্যানের দেখানো পথে চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও গবেষণায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি ডিএইচএমএস চিকিৎসকদের পেশাগত মর্যাদা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান  জানান। হোমিওপ্যাথির উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ প্রদান ও আট বিভাগে আটটি হোমিও কলেজ সরকারিকরণের দাবি জানান।

দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা সময়ের দাবি জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের একটি বড় জনগোষ্ঠী স্বল্প খরচে এবং সহজলভ্য চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির ওপর নির্ভর করে আসছে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা বিকল্প। বর্তমানে হোমিওপ্যাথি খাতে অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশিক্ষণের ঘাটতি এবং গবেষণার অভাব লক্ষ করা যায়। পর্যাপ্ত সরকারি বরাদ্দ নিশ্চিত করা হলে এই খাতের মান উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে।

সভায় আরও বক্তব্য রাখেন,  ডিডিএর ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. আহম্মদ হোসেন ফারুক, ফেনী জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আনওয়ারুল কাবীর, ডা. মাওলানা মোশাররফ হোসেন, ডা. বিমল চন্দ্র বণিক, ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম, ডা. মুহাম্মদ আবদুল্লাহ, ডা. আবদুল কাইয়ুম অমি, ডা. মুহাম্মদ আবুল কাসেম, ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, ডা. নির্মল চন্দ্র ভৌমিক, ডা. বিকাশ চন্দ্র দাস ও ডা. শহীদুল হক প্রমুখ।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ