বিএনএ, ঢাকা: ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধামরাইয়ের পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুইজনের নামই মনির হোসেন। তারা হলেন— ধামরাইয়ের দেপাশাই কারাবিল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে পিকআপ চালক মনির হোসেন (৩৫) ও চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দিবাগত রাতে সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাদ্যভর্তি এক পিকআপ ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফিরছিলেন চালক মনির হোসেনসহ চারজন। পিকআপটি কান্দাপটল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মনির হোসেন ও তার সহযোগী মনির হোসেন নিহত হন। আহত হন আরও দুইজন। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

