32 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলা, নিহত ২৪

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলা, নিহত ২৪


বিএনএ, বিশ্বডেস্ক: নাইজেরিয়ার প্লাতো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে মাঙ্গু স্থানীয় সরকারের কোমবুন জেলার বিন-পের এলাকায় হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। মঙ্গলবার ভোর পর্যন্ত হামলা চলে। এ সময় হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ওপর আক্রমণ করে।

স্থানীয় বাসিন্দা ম্যাথিউ জোসেফ বলেন, ঘুমের মধ্যে তারা আশপাশের বাড়ি থেকে মানুষের চিৎকার শুনতে পান। পরে তিনি নিজের বাড়ির দিকে সশস্ত্র ব্যক্তিদের এগিয়ে আসতে দেখে পালিয়ে যেতে সক্ষম হন।

প্লাতো স্টেট হাউস অব অ্যাসেম্বলির মাঙ্গু সাউথ আসনের সদস্য ম্যাথিউ সিলভেস্টার কোয়ারপো জানান, হামলায় ৩৮টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিজমি, মজুত করা শস্য ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ধ্বংস করা হয়েছে।

তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত নিরাপত্তাকর্মী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, আশ্রয় ও চিকিৎসাসহ জরুরি সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ