বিএনএ, ঢাকা: এনসিপির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ নোটিশ দেন।
নাহিদ ইসলামকে দেওয়া নোটিশে জানানো হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ও ঢাকা-১১ উল্লেখপূর্বক “দেশ সংস্কারের গণভোট, হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান-সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’
একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদ ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য নোটিশে অনুরোধ করা হয়।
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেওয়া নোটিশে জানানো হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ও “ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী” এবং “গণভোটকে হ্যাঁ বলি” স্লোগান-সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’
একই সঙ্গে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে একইদিন বেলা ১১টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বিএনএ/শাম্মী
![]()

