বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেওয়া হবে।
তবে কবে মহড়া শেষ হবে— সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত আইআরজিসির বিবৃতিতে দেওয়া হয়নি।
আইআরজিসি’র কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। যতদিন এই মহড়া চলবে— ততদিন এই প্রনালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। মাস্কাটে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে, গতকাল মঙ্গলবার থেকে জেনেভায় শুরু হয়েছে সংলাপের দ্বিতীয় পর্ব।
বিএনএ/ওজি
![]()

