24 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট


বিএনএ, খুলনা : খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ এখনও এ ঘটনার মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি। তবে ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও ব্যাংক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। বিকেলেই ব্যাংক বন্ধ হয়ে যায় এবং রাতে কোনো পাহারাদার ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং বিষয়টি রূপসা থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, শাখা থেকে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই সময় থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এগুলো খুঁটিনাটি বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের নিরাপত্তার ঘাটতি থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নেয়। ঘটনার রাতে ব্যাংকের কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ