বিএনএ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে হবে এই সভা। এই সভায় সংসদ নেতা নির্বাচিত হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনএ/শাম্মী
![]()

