বিএনএ, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশ শুরুর আগেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর থেকেই সমাবেশস্থলে প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা যায়। বিভিন্ন সংগঠনের কর্মীদের উপস্থিতিতে ধীরে ধীরে শহীদ মিনার চত্বর একটি প্রতিবাদী জমায়েতে রূপ নেয়।
এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা একের পর এক প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে তারা বলেন, ‘আমরা সবাই হাদি হবো, ভুলের মুখে কথা বলব’ এবং ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’। ‘এক হাদি রক্ত দেবে, লক্ষ হাদিস জন্ম নেবে’।
সমাবেশ শুরুর আগে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।গান ও কবিতার মাধ্যমে বক্তারা সহিংস রাজনীতির বিপক্ষে কণ্ঠ তুলে ধরেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার আহ্বান জানান।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হাদি। এ লক্ষ্য সামনে রেখে তিনি নিয়মিত গণসংযোগ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এরই মধ্যে শুক্রবার ( ১২ ডিসেম্বর ) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি
![]()
