28 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে : জুলাই ঐক্য

আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে : জুলাই ঐক্য


বিএনএ ডেস্ক: ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার না দেখিয়ে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই তথ্য জানায় সংগঠনটি।

বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমের সংবাদ থেকে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য জানতে পেরেছে, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্য সন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছাড়ানোর জন্য চাপ তৈরি করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘জুলাই ঐক্যের বক্তব্য স্পষ্ট, অবিলম্বে এই খুনিকে গ্রেপ্তার করতে হবে। শুধু আনিস আলমগীর নয়, যারা ভারতীয় অর্থে বাংলাদেশে তথ্যসন্ত্রাস করছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা জুলাইকে অস্বীকার করে টকশোতে বসে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করে তুলে তারাও খুনি। তাদের বিচার না হলে বাংলাদেশে ভারতীয় প্রক্সিরা ধ্বংস হবে না।’

উল্লেখ্য, আনিস আলমগীর বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিতি। শেখ হাসিনার আমলে আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ