বিএনএ, বিশ্বডেস্ক: ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন নায়েল আবু ওবেইদ। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই কমান্ডার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।
এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’
এদিকে গত সপ্তাহে গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলাটির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, হামাস যোদ্ধাদের উপস্থিতির অজুহাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার দায় এড়ানোর চেষ্টা করছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিএনএ/শাম্মী
![]()

