29 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে , তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নিহতের স্বজনেরা ময়নাতদন্তে রাজি নন । এ নিয়ে প্রশাসন ও পরিবারের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা দিয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ফেনীরকুল সীমান্তসংলগ্ন ভারতের সাবরুমের ঢোলবাড়ি এলাকায় মরদেহটি দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে তারা মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন। অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মৃত মং মং মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে অংথৈইপ্রু মারমা ঘাস কাটতে ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান । রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে তারা সীমান্তের ওপারে তার মরদেহ পড়ে থাকতে দেখেন ।

খবর পেয়ে রামগড় থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়। রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতের কারণ কিংবা মৃত্যুর প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

নিহতের ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তার বাবার মরদেহের ময়নাতদন্ত করাতে চান না তারা। তাদের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু। বাবার মরদেহ কাটাছেঁড়া না করে পারিবারিক ও সামাজিক রীতি মেনে সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনও অভিযোগও নেই।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ