31 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা: আগামী সপ্তাহের মাঝামাঝি প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে ভারত যেতে পারেন।নয়াদিল্লি ও ঢাকার সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এনডিটিভি জানিয়েছে, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে উভয় প্রধানমন্ত্রী বাণিজ্য, সংযোগ (কানেকটিভিটি), জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন।

গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে আসার আমন্ত্রণ আগেই জানানো হয়েছে। পরে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এ নিয়ে কোনো অগ্রগতি থাকলে তা জানানো হবে।

সফরটি এমন একসময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মনে হচ্ছে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আন্তরিকভাবে আগ্রহী। এ সফরের মাধ্যমেই সব অমীমাংসিত বিরোধের সমাধান হবে এমনটি আশা করা হচ্ছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নরেন্দ্র মোদি ও তারেক রহমানের মধ্যে সরাসরি বৈঠক এ মতপার্থক্যগুলো দূর করার জন্য একটি রাজনৈতিক পথ তৈরি করতে পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে মারাত্মক টানাপোড়েন তৈরি হয়। তখন থেকেই শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধসহ বেশ কয়েকটি বিষয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ