31.2 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - জুলাই ১৪, ২০২৬
Bnanews24.com
Home » সংবিধান সংশোধনে কমিটি গঠন, বিরোধীদলের ওয়াক আউট

সংবিধান সংশোধনে কমিটি গঠন, বিরোধীদলের ওয়াক আউট


বিএনএ, ঢাকা: সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) রাতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করেন।তবে কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

চিফ হুইপ  জানান, বিরোধী দলের নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হলেও তাঁরা কোনো সদস্যের নাম দেননি। তাই আপাতত পাঁচটি পদ শূন্য রেখে ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে। পরে বিরোধী দল নাম দিলে তাঁদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

বিশেষ কমিটির সদস্য হলেন- কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সদস্য- চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ অলিউল্লাহ।

এদিকে কমিটি গঠনের প্রস্তাবের পর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, ‘এই কমিটি গঠনের প্রস্তাবটি প্রথম অধিবেশনেই স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেছিলেন। সেদিনই বিরোধীদল তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরপর কয়েক দফায় আমাদের সাথে যোগাযোগ করেছেন, বৈঠক করেছেন। তবে বিরোধীদল কখনোই এই কমিটির জন্য কোনো সদস্যের নাম দেবে বলে জানায়নি, কারণ তারা নীতিগতভাবে এই প্রস্তাবকে গ্রহণ করেনি।’

তিনি বলেন, “আমরা জনগণের কাছে ও জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমনটি বর্তমান সরকারি দলও নির্বাচনের আগে ওয়াদাবদ্ধ ছিল। নির্বাচনের পূর্বে সব দলই গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছিল। প্রতিশ্রুতি দিয়েছিল যে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। এরই প্রেক্ষিতে আমরা দুটি শপথ নিয়েছি— একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিরোধীদল মনে করে দুটি শপথই বহাল ও কার্যকর আছে। সুতরাং, সেই সংস্কার পরিষদকে এড়িয়ে যাওয়ার জন্য যদি এই সংসদীয় কমিটি গঠন করা হয়, তবে আমরা এই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।”

উল্লেখ্য, এর আগেও জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গ নিযে সংসদে আলোচনা ও ওয়াক আউটের ঘটনা ঘটেছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ