19 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ১০, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব: সীমান্তে গুলিবর্ষণ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব: সীমান্তে গুলিবর্ষণ


বিএনএ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় সাম্প্রতিক মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থি। সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত। এ বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই পরিস্থিতি থাকুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে—এটি নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারেরই।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ