27 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ

আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ


বিএনএ , ঢাকা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশ রক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরও বলেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারিনি। তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের জন্য বাস্তবে কী করা হচ্ছে, তা জনগণ দেখতে চায়।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হলেও অনেক ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, “আমরা সবাই আবারও ঐক্যবদ্ধ হচ্ছি এবং রাজপথের আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আপনারা যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার আপনারা সামনে থাকবেন না, আমরাই সামনের সারিতে থাকব।”

”গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হবেই। শুধু বিএনপি কেন, অন্য যে শক্তিই হোক না কেন, চাই সে কোনো পরাশক্তি বা বৈদেশিক শক্তি হোক, আমরা তাদের পরাজিত করে ছাড়বো।”

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ