বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরির আঘাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বজলুর রহমান (৬০)। তিনি পেশায় একজন কৃষক। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে (অটোরিক্সা চালক) জুবায়ের (২৫) পলাতক ।
চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল জানান, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বৃদ্ধ বাবার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছেলে। আশঙ্কাজনক অবস্থায় বাবা বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

